এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণে বড় ধরনের পরিবর্তন এসেছে যশোর শিক্ষা বোর্ডে। পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন এবং ফেল থেকে পাস করেছে ৩৮০ জন।
বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় এ তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ২৫টি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। আবেদন যাচাই শেষে এসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আনা হয়।
ফেল থেকে পাস করা ৩৮০ শিক্ষার্থীর মধ্যে ‘এ’ গ্রেড পেয়েছে ১ জন, ‘এ-’ ৩ জন, ‘বি’ ৩৩ জন, ‘সি’ ১৯ জন এবং ‘ডি’ গ্রেড পেয়েছে ৩২৪ জন।
এ ছাড়া বিভিন্ন গ্রেড থেকে আরও অনেক শিক্ষার্থীর ফল উন্নীত হয়েছে। ‘ডি’ থেকে ‘এ-’ পেয়েছে ১ জন এবং ‘সি’ পেয়েছে ১৪ জন। ‘সি’ থেকে ‘এ’ পেয়েছে ১ জন, ‘এ-’ ১ জন ও ‘বি’ পেয়েছে ৬৫ জন।
‘বি’ গ্রেড থেকে ২ জন জিপিএ-৫, ১২ জন ‘এ’ এবং ১৫০ জন ‘এ-’ পেয়েছে। ‘এ-’ গ্রেড থেকে ১৯ জন জিপিএ-৫ এবং ৩০৮ জন ‘এ’ গ্রেড পেয়েছে। আর ‘এ’ গ্রেড থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৩১ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার প্রথমবারের মতো পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে। এর ফলেই বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে এবং জিপিএ-৫-এর সংখ্যাও বেড়েছে।
তিনি জানান, খাতা মূল্যায়নে দায়িত্বে থাকা যেসব শিক্ষকের ত্রুটির কারণে ফলাফলে পরিবর্তন হয়েছে, তাদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় তাদের খাতা মূল্যায়নের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফএস