দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে বরিশাল বিভাগে একজন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৫ হাজার ৪৭৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ১২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরএন