শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা দেওয়া হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দিত। আমরা শিক্ষকদের মর্যাদা, সহযোগিতা এবং তাঁদের কাজের স্বীকৃতি দিতে চাই। আমাদের লক্ষ্য হলো ১০০ জন শিক্ষককে নির্বাচন করা এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার অনুদানের ব্যবস্থা করা।
তিনি বলেন, যারা ভালো কাজ করেছেন, তাঁদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করা সরকারের দায়িত্ব।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এটি প্রধানমন্ত্রীর ইচ্ছা। সে অনুযায়ী আজ কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা চূড়ান্ত করা হবে।
গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বৃদ্ধি, অর্থের পরিমাণ নির্ধারণ, নির্দেশনা এবং বাজেট নিয়েও সভায় আলোচনা করা হবে বলে জানান তিনি।
বিগত সরকারের সময়ে ১২ জন শিক্ষককে পুরস্কৃত করার বিষয়ে স্বচ্ছতা বা নির্দিষ্ট নীতিমালা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটি ছিল তাদের নীতিমালা। তারা কী করেছে, সে বিষয়ে তিনি উত্তর দিতে পারবেন না।
তিনি বলেন, আমরা কীভাবে আমাদের নীতিমালা প্রণয়ন করব, সে জন্যই ব্যাপকভাবে একটি বড় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা প্রণয়নে যাতে কোনো ধরনের নৈতিক দুর্বলতা না থাকে, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
-টিএস