গাজীপুরের বিভিন্ন এলাকায় শনিবার পৃথক ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঘাস কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা, নিখোঁজের তিন দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার, জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু এবং নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা রয়েছে।
কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের পাঁচ বছরের শিশু জাহিদ হাসান গত ২৭ আগস্ট নিখোঁজ হয়। শনিবার বাড়ির কাছের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল।
কালিয়াকৈরের গলাচিপা এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে তদন্ত করছে পুলিশ।
এদিকে জয়দেবপুর-ঢাকা রেলসড়কের মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা পরে মরদেহ বাড়িতে নিয়ে যান।
কোনাবাড়ী এলাকায় জন্মের সময় মারা যাওয়া এক নবজাতকের মরদেহও উদ্ধার করেছে পুলিশ। এমএম গার্মেন্টস সংলগ্ন আমবাগ ব্রিজের নিচে মরদেহটি ফেলে রাখা হয়েছিল। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, কাপাসিয়ার পাবুর দক্ষিণ পাড়া এলাকায় ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাচাতো ভাই রাসেলের সঙ্গে ঝগড়ার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিলয়ের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে অভিযান চলছে। পৃথক ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ তদন্ত করছে।
এফএস