ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মহাসড়কের পাশে ময়লা ফেলার প্রতিবাদে রূপগঞ্জে সড়ক অবরোধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্বরোড, তারাব ও বরাবসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধ ও মানববন্ধনে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য ও ময়লা-আবর্জনা নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যস্ততম এই মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। দীর্ঘ তিন বছর ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে বাতাসে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

তারা আরও অভিযোগ করে বলেন, বৃষ্টির দিনে ময়লা-আবর্জনা ধুয়ে বাড়িঘরে চলে আসে। এখানে তিন শতাধিক পরিবার ময়লার ভাগাড়ের আশপাশে বসবাস করছে। ময়লার দুর্গন্ধে পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মহাসড়কের একাংশ ময়লার দখলে চলে যাওয়ায় তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে।

আবাসিক ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা থেকে এই ময়লার ভাগাড় অবিলম্বে অপসারণ করে কোনো নির্জন স্থানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

দ্রুত এ সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর সামাজিক ও রাজপথের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন তারা।

এসএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝