মন্ত্রিসভায় পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে মো. আব্দুল বারী শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে শুক্রবার নতুন কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে আলোচনা চলছে। তবে দায়িত্ব বণ্টনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।