মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়িও প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয়টি গাড়ি চাওয়া হলে তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরকারি যানবাহন অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত কয়টি গাড়ি ব্যবহার করা হবে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দরবার হলে এই শপথ অনুষ্ঠান হবে। নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত এই সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীসহ মোট ৫০ সদস্য রয়েছেন।
নতুন চার সদস্য যুক্ত হলে মন্ত্রিসভার আকার আরও বাড়বে।
-টিএস