ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাষ্ট্রপতির শপথ আজ, বন্ধ থাকবে যেসব সড়ক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:১০ এএম
X

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 


দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।


ডিএমপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।


আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতেই এ বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে না।


ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন সড়ক এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলো বিকল্প সুবিধাজনক সড়কও ব্যবহার করতে পারবে। তবে এ সময়ে দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।


এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর সড়ক ব্যবহার করতে পারবে।


বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক সড়কও ব্যবহার করা যাবে।

ডিএমপি চালকদের এসব সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প ও সুবিধাজনক পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝