দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮২৯ জন এবং হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৩৬৬ জন। এরপর সিলেট বিভাগে ১৩৮ জন, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
একই সময়ে নতুন করে আরও ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৮ হাজার ৮২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন।