নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের দিন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তাকে নতুন পদে নিয়োগ দিয়ে শুক্রবার (২১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপর এক আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে চুক্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন।
শুক্রবার নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর দিনেই রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব পদে এ পরিবর্তন আনা হলো।
আরএন