নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের ধারে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, চার শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।
চার শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
-টিএস