বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের এক দিন আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবন থেকে তাকে গার্ড অব অনার দিয়ে বিদায় জানানো হয়।
নতুন রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন। এর প্রাক্কালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন ছাড়লেন।
বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।
এর আগে, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
-টিএস