শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো অভাব নেই। বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ফলাফল করার পাশাপাশি গবেষণাক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছেন। ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে মেধাকে কাজে লাগাতে হবে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই। সেই সামর্থ্য আমাদের রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, আমাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোতেও টিভিইটির ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরও বলেন, কিউএস র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও উন্নত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে।
এ সময় তিনি ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর ওপরও গুরুত্বারোপ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা সহজেই বাংলাদেশের ভিসা পেতে পারবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ।
টিআইএস