
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই দিনে চারটি ফ্লাইটে ধারাবাহিক অভিযান চালিয়ে অবৈধভাবে আনা মালামাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব মালামালের মধ্যে ট্রলিতে লুকানো স্বর্ণসহ ৪২ লাখ ৮৮ হাজার টাকার অবৈধ ওষুধ, সিগারেট, নিষিদ্ধ প্রসাধনী ক্রিম, নিষিদ্ধ সিরাম ও বিদেশি মদ আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা চার প্রবাসী যাত্রীর লাগেজে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
সিআইআইডির বরাত দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আলামিন শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরজুড়ে নিবিড় নজরদারি বাড়ানো হয়।
এতে মোট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়।
ট্রলিতে স্বর্ণ ও লাখ টাকার ওষুধ
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ইউএল-১৮৯) ফ্লাইটে কলম্বো থেকে আসা যাত্রী মো. পারভেজের ট্রলিতে বিশেষ কায়দায় তৈরি গোপন কুঠুরি কেটে ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
একই সঙ্গে তার লাগেজে পাওয়া যায় ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, যার কোনো বৈধ অনুমতিপত্র তিনি দেখাতে পারেননি। এই চালানের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তিন ফ্লাইটে মদ, প্রসাধনী ও সিগারেট
জনি মিয়া নামের এয়ার ইন্ডিয়ার (এআই-২৩৭) এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ লিটার ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
মো. মিজানুর রহমান নামে এমিরেটস (ইকে-০৫৮৬) এয়ালাইন্সের এক যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হয় ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস ক্ষতিকর পাকিস্তানি সিরাম। পণ্যগুলোর দাম ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।
সুমা বেগম নামের ইউএস-বাংলার (বিএস-৩১৬) এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৬ লাখ টাকা মূল্যের ৩০ কেজি আমদানি নিষিদ্ধ ‘গৌরি’ ক্রিম।
টিআইএস