বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার সকালের দিকে ফুল দিতে আসা ওই ব্যক্তির নাম অর্ণব দাস।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “তিনি সেখানে ফুল দিতে এসেছিলেন, তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।”
এদিকে বেলা ১২টার দিকে রিকশায় করে ফুল দিতে আসা একজনকে মারধর করেছে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একদল তরুণ। মারধরের একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে রিকশাওয়ালা আলমাসকে (২৭) ধরে মারধর করা হয়।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন।
তিনি বলেন, “তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাকে নিরাপদে রাখা হয়েছে।”
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীর আগে বৃহস্পতিবার থেকে তার বাড়ি ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ।
মিরপুর রোড দিয়ে ৩২ নম্বরে ঢোকার মুখেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আর রাস্তার পশ্চিম প্রান্তেও রাখা হয়েছে লোহার ব্যারিকেড। ব্রিজ দিয়ে চলাচলের সুযোগও নেই।
‘নিরাপত্তামূলক’ ব্যবস্থা হিসেবে জলকামান রেখে কড়া নজরদারি রাখছে পুলিশ। সেখানে র্যাব ও সাদা পোশাকেও পুলিশকে টহল দিতে দেখা গেছে।
টিআইএস