⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম

X
সংগৃহীত ছবি
বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির কারিগর। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি যেভাবে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এর প্রধান কারিগর ছিলেন খালেদা জিয়া। তাঁর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দল এখন ক্ষমতায় থাকলেও আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনো নত হননি। তাঁর ত্যাগ ও আপসহীনতার কারণেই বাংলাদেশ আজ এই পর্যায়ে এসেছে। খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে তারা গর্বিত। তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশের রাজনীতিতে বিরল। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়াই অন্যতম আদর্শ বলে মন্তব্য করেন তিনি।