ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুবি উপাচার্যের সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম
X

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘পিপলস পার্টনারশিপ’ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলে ছিলেন হোপ এক্সএক্সএলের রব ভিসার্স ও টিমো কোরেন, ভাইস ভারসা গ্লোবালের বেনজামিন লোমান এবং উট্রেখ্ট ইউনিভার্সিটির জিনি মারিসেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন প্রজন্মের মডেল হতে পারে ‘পিপলস পার্টনারশিপ’। এর মাধ্যমে দুই দেশের তরুণদের একসঙ্গে সামাজিক প্রকল্প তৈরি ও বাস্তবায়ন, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের মাধ্যমে একে অপরের গল্প বিশ্বের সামনে তুলে ধরা, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী কার্যক্রমে যৌথভাবে কাজ করা, যৌথভাবে গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা এবং স্থানীয় সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। এ ধরনের অংশীদারিত্ব বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে অন্যান্য দেশের মধ্যেও একই ধরনের অংশীদারিত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে তাঁরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ, উট্রেখ্ট ইউনিভার্সিটিসহ নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করেছে। তিনি ‘পিপলস পার্টনারশিপ’ ধারণাটি বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবসের মতো বড় আয়োজনগুলোতে কর্নার স্থাপনের মাধ্যমে নেদারল্যান্ডসের শিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা এবং খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ও অন্যান্য ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডস সফর করেছে এবং সেখানে আয়োজিত সামার স্কুলে অংশগ্রহণ করেছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ ও পিএইচডি সম্পন্ন করেছেন।

আরও বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ছে। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা গেলে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী সেখানে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারবেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ‘কালচারাল ডে’ বা ‘কালচারাল উইক’ আয়োজনের মাধ্যমে নেদারল্যান্ডসের শিক্ষা ও গবেষণার পরিবেশ এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের ধারণা দেওয়া যেতে পারে। এ ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে। এ বিষয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করা হয়।

সাক্ষাৎকালে উপাচার্য প্রতিনিধি দলের সদস্যদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামখচিত ক্রেস্ট উপহার দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝