ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে আতিথেয়তায় আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৭:১৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বরিশালের ঐতিহ্যবাহী ভাজা ইলিশ ও শচীন ঘোষের রসমালাইয়ের স্বাদে আপ্লুত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (১০ আগস্ট) সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি দেশীয় আতিথেয়তার অভিজ্ঞতা নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এক আন্তরিক পরিচয়ের পর্বে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।

দুপুরের আয়োজনে অতিথিকে স্বাগত জানানো হয় বরিশালের নিজস্ব স্বাদ ও দেশীয় খাবারের বৈচিত্র্য দিয়ে। নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ নানা ধরনের মাছ, বিভিন্ন রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা দেশীয় খাবার পরিবেশন করা হয়।

খাবারের টেবিলে একদিকে যেমন ছিল বরিশালের নদী-জলের সঙ্গে মিশে থাকা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের স্বাদ, অন্যদিকে ছিল বাঙালির চিরন্তন ভর্তা-ভাজির বৈচিত্র্য। নানা পদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদেশি অতিথির সামনে তুলে ধরা হয় বাংলাদেশের চিরায়ত অতিথিপরায়ণতা ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি স্বতন্ত্র আঞ্চলিক রূপ।

মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ- সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।


টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝