ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম
X

সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমন চাষিরা।

সোমবার (১০ আগস্ট) সকালে জেলার কালীগঞ্জ বাজার এলাকায় কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

অবরোধের কারণে পাথর ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন মহাসড়কে আটকা পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, আমন চাষের মৌসুমে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ করা হচ্ছে না। সরকার নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় বাধ্য হয়ে তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে সময়মতো সার না পাওয়ায় আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে প্রতি বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে তা ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি বস্তা ডিএপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও তা ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত মূল্যের ইউরিয়া সারও বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

কৃষকেরা বলেন, আমন মৌসুমে সারের বাড়তি দামের কারণে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা না হলে কৃষকদের লোকসানের মুখে পড়তে হবে। পাশাপাশি সময়মতো সার না পেলে ফলনও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

পরে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি কৃষকদের চাহিদা অনুযায়ী আগামী দুই দিনের মধ্যে সার বিতরণের আশ্বাস দেন। ইউএনওর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে কৃষকেরা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে চাহিদা অনুযায়ী এবং সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা না হলে তারা আবারও মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এদিকে, কৃষকদের অবরোধের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝