যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যুদ্ধের কারণে বাংলাদেশের প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারাও ওই ভাষায় কথা বলতে শুরু করেছে। করতে দেবো না, চলতে দেবো না, শেষ করতে দেবো না।
মন্ত্রী আরও বলেন, আরে বাবা, হয়েছে তো মাত্র চার থেকে পাঁচ মাস। এই কয়েক মাসেই অনেক পরিবর্তন হয়েছে। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। একটি বিপর্যস্ত প্রশাসন, তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কাজতো অত সহজ না, এত তাড়াতাড়ি তো হয় না। অথচ তাদের ভাষায়, এখনই হতে হবে।
তেল, গ্যাস ও জ্বালানির সমস্যা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে একটাও গ্যাসের বা তেলের খনি আবিষ্কারের চেষ্টা করেনি। আমাদের একটা প্রতিষ্ঠান আছে ‘বাপেক্স’, যাকে দিয়ে আমরা গ্যাস বা তেল আহরণের চেষ্টা করি, কূপ খনন করি-সেটাকে তারা একদম পঙ্গু করে দিয়েছিল। সেটাকে আবার চালু করা হয়েছে। বিদেশের প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখানে গ্যাস খনন করার জন্য টেন্ডার করা হয়েছে, সেগুলো আসছে। তেল ও গ্যাসের ব্যাপারটি বিদেশ থেকে জাহাজে করে আনতে হয় এবং সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। ইরান ও আমেরিকার যুদ্ধের ফলে ইতোমধ্যে আমাদের প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে। এর মধ্যেও কিন্তু একদিনও তেল ছাড়া থাকেননি, একদিনও গ্যাস ছাড়া থাকেননি। হয়ত কিছুটা কমেছে। ইনশাআল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।
জিনিসপত্রের দাম একটু বেড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, কারণ যেগুলো আমদানি করতে হয় সেগুলোর জাহাজভাড়া বেড়ে গেছে। এই সরকার একদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, কথা বলার সুযোগ দিয়েছে। পত্রিকাগুলো যারা এখানে আছেন, আগে আওয়ামী লীগের আমলে লিখতেই পারত না। কথা বলতে সাহস করত না। এখন যা খুশি লিখছে, সত্য-মিথ্যা যাই হোক। আবার সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে-সেখানে যা খুশি তাই চালাচ্ছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব দেশের উন্নয়নের জন্য।
লাভ শেয়ার বিডি’র পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুর ফজল আনসারী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।
অনুষ্ঠান শেষে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে চা ঘর হস্তান্তর করা হয়।
টিআইএস