গাজা উপত্যকায় শান্তি চুক্তি অর্জনের প্রচেষ্টায় ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি বলেছেন, ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। বরং আন্তর্জাতিক সুযোগ ও বিভিন্ন সংস্থাকে নিজেদের অবস্থান প্রচার এবং ‘অবৈধ কৌশল’ বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটি।
হাকান ফিদানের অভিযোগ, সমঝোতায় পৌঁছানোর পরিবর্তে ইসরায়েল নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য আলোচনাকে ব্যবহার করছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় হামাস তার প্রতিশ্রুতি পালন করছে। বিপরীতে ইসরায়েলি কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন হাকান ফিদান। বিশেষ করে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে শুধু বিবৃতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে শান্তি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর ও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
-টিএস