
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার চট্টগ্রাম সফর করবেন। তার সফর ঘিরে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীসহ সাতটি ভেন্যুর প্রস্তুতি শেষ হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকল প্রস্তুতি মুলক কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন। তিনি ফটিকছড়ি ও হাটহাজারীর কয়েকটি ভেন্যু পরিদর্শনও করেছেন।
সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পুনর্বাসন ও মানবিক সহায়তা বিতরণ প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম উদ্দেশ্য।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে মহেশখালী যাবেন, ওখান থেকে বাঁশখালী আসবেন। সেখান থেকে হেলিকপ্টারে ফটিকছড়ি পৌঁছাবেন।
পরে ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারী হয়ে চট্টগ্রাম নগরে যাবেন।
প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করবেন এবং আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এরপর জেলা প্রশাসক হাটহাজারী সরকারি কলেজসংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন। সফরকালে বাঁশখালী ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নবনির্মিত ঘর হস্তান্তরসহ বিভিন্ন সহায়তা দেওয়ার কথা রয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা প্রতিটি ভেন্যু ঘুরে দেখেছেন। সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ও সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম চট্টগ্রাম সফর। সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
টিআইএস