সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে আকস্মিকভাবে আগুন লাগার পর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় অর্ধশতাধিক রোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে স্থানান্তর করা হয়। হুড়োহুড়িতে অন্তত ১৫ জন আহত হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। এ সময় রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ, বিজিবি, ট্রাফিক পুলিশ, রেড ক্রিসেন্ট এবং সাধারণ মানুষ উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় আহতদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইফুজ্জামান বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। পরে বাইরে থেকে আরও ২টি ইউনিট আনা হয়। তবে এখনো পর্যন্ত হতাহতদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।
এমজেডআর/আরএন