ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পেঁপে ছাড়া সব সবজি ‘সেঞ্চুরি’, মরিচ ৪০০
শ্রাবণের বৃষ্টিতে উত্তপ্ত রাজধানীর কাঁচাবাজার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শ্রাবণের টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট জলাবদ্ধতার অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে গত দুই সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দু-তিনটি পণ্য ছাড়া বাজারের প্রায় সব সবজির দামই এখন ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছে। ক্রেতাদের একমাত্র স্বস্তি দিচ্ছে কেবল কাঁচা পেঁপে। আজ রাজধানীর কাপ্তানবাজার, আগারগাঁও, মগবাজার ও কারওয়ান বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দরদামের এই উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

সবচেয়ে বেশি দাম চড়েছে কাঁচা মরিচের। মান ও বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। মহল্লার বাজারগুলোতে মাত্র ২৫০ গ্রাম মরিচের জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা মাত্র দুই সপ্তাহ আগেও ছিল ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। একইভাবে বেড়েছে ডিম ও মুরগির দাম। বাজারে ফার্মের সাদা ডিম প্রতি ডজন ১২০ থেকে ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৩৫ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি জাতের মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় ঠেকেছে। তবে চাল, ডাল ও তেলসহ মুদিপণ্যের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

বাজার ঘুরে দেখা গেছে, গোল বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, বরবটি ও কাঁকরোল কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এছাড়া কচুর লতি ৯০ থেকে ১০০ টাকা এবং ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম হাঁকা হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা। সবজির এই আকাশছোঁয়া বাজারে একমাত্র পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

দরদামের বিষয়ে আগারগাঁও এলাকার ভ্যান বিক্রেতা আরমান হোসেন জানান, পাইকারি বাজার কারওয়ান বাজার থেকেই প্রতি পাল্লায় (৫ কেজি) ৫০ থেকে ৬০ টাকা বেশি দরে সবজি কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না। কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমে মরিচ গাছসহ বহু সবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে জলাবদ্ধতার কারণে পর্যাপ্ত ট্রাক ঢাকায় আসতে পারছে না, ফলে আড়তেই সরবরাহ অর্ধেকের নিচে নেমে গেছে। 

যশোর-ঝিনাইদহ থেকে আসা সবজি ব্যবসায়ী আবদুর রহিম জানান, সম্প্রতি ট্রাকভাড়া বৃদ্ধি পাওয়ায় ঢাকায় সবজি আনার পরিবহন খরচও অনেক বেড়ে গেছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে এবং নতুন মৌসুমের সবজি বাজারে এলে দ্রুতই দাম নেমে আসবে বলে আশ্বস্ত করছেন ব্যবসায়ীরা।

এদিকে বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। কাপ্তানবাজারে বাজার করতে আসা শারমিন জাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। নিয়মিত বাজার তদারকি না থাকায় বৃষ্টির দোহাই দিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। মাছ-মাংস অনেক আগেই খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে রিকশাচালক জসিম উদ্দিন আক্ষেপ করে বলেন, এখন সবজিও নাগালের বাইরে চলে যাচ্ছে, এভাবে চললে সাধারণ মানুষ খাবে কী? বাজারে দ্রুত সরকারি নজরদারি বৃদ্ধি করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ ক্রেতারা।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝