ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গণরায় এড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: গোলাম পরওয়ার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৫৪ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমানে রাজনীতির প্রধান প্রশ্ন হলো—দেশের মূল সংকট কোথায়? ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর সরকার ও সংসদ গঠিত হলেও জনগণের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু গত পাঁচ মাসে দলীয়করণ, দুর্নীতি, অর্থপাচার এবং ভিন্নমতের ওপর নিপীড়ন যেভাবে ফিরে আসছে, তাতে প্রশ্ন জাগে—আমরা কি আবারও সেই পুরোনো অন্ধকারে ফিরে যাচ্ছি?

তিনি বলেন, যে দলীয়করণ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ রাজপথে রক্ত দিয়েছে, হাজারো মানুষ প্রাণ হারিয়েছে ও আহত হয়েছে, সেই একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে ৫ কোটি মানুষ ৮৪ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় দিয়েছেন। এই গণভোট ছিল জনগণের সরাসরি মতামতের প্রতিফলন, যা যে কোনো সংসদীয় আইনের চেয়েও শক্তিশালী। তাই গণভোটের এই গণরায় বাস্তবায়ন করতেই হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী এমপি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। এতে আরও বক্তব্য দেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির মো. আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমির মো. আফতাব উদ্দীন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর জেলা এনসিপির আহ্বায়ক শামছুল মুক্তাদির, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরুল কায়েস রুপম, অ্যাডভোকেট মাইনুল আলম, অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা, এনডিএফের সাধারণ সম্পাদক ডা. আফসার আল মাহমুদ, দিনাজপুর শহর আমির মাওলানা মো. সিরাজুস সালেহীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. একরামুল হক আবীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলাম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি মো. রেজওয়ানুল হকসহ ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, অনেকে দাবি করছেন, এই সংস্কার ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নেই। কিন্তু ২০২৫ সালের ১৩ নভেম্বর রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে নির্বাচন, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছিল। সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ আইনের মর্যাদা পায়। পাশাপাশি সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ, আর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে, সেটিই সর্বোচ্চ আইন।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিরা যদি সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব এড়িয়ে কেবল সংসদীয় কমিটির মাধ্যমে সংস্কার সম্পন্ন করতে চান, তবে তা জুলাই সনদের সুস্পষ্ট লঙ্ঘন হবে। গণভোটে জনগণের দেওয়া ৫ কোটি ‘হ্যাঁ’ ভোটের রায় এবং ৮৪ দফা সংস্কার প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। স্থানীয় সরকারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় নিয়োগ বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদের গণরায় এড়িয়ে পুনর্গঠিত ফ্যাসিবাদের পথে হাঁটার যে কোনো অপচেষ্টা রাজপথ ও সংসদ—উভয় ক্ষেত্রেই তীব্রভাবে প্রতিরোধ করা হবে। পাশাপাশি সাম্য, ইনসাফ ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এএইচ/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝