খুলনা নগরীর সিএন্ডবি কলোনিতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শাহেদ মাহমুদ (৮) খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবণি ইউসিবিএল ব্যাংকে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহেদের বাবা ও তার বড় ভাই শাকের মাহমুদ (খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী) বাসায় ছিলেন। শাহেদ গোসল করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
নিহতের বাবা আব্দুর রহমান বলেন, “শাহেদ গোসল করবে বলে বাসা থেকে বের হয়েছিল। পরে পুকুরে তার মরদেহ পাওয়া যায়।” তিনি জানান, শাহেদ সাঁতার জানত।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে শাহেদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এসএমএস/এসআর