মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণ করে শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে আহতদের সাহস, দৃঢ়তা ও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।
মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করে জুবাইদা রহমান বলেন, “আজ এমন একটি দিন, যেদিন দেশ ও জাতি গভীরভাবে শোকাহত। শোককে শক্তিতে পরিণত করে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, জাতি তা কোনো দিন ভুলবে না।”
তিনি নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভয়াবহ ঘটনার পরও ভুক্তভোগী পরিবারগুলো যেভাবে সাহস ও সংকল্প নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, তা সবার জন্য অনুপ্রেরণার।
জুবাইদা রহমান সংকটের সময়ে চিকিৎসাসেবা ও সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন সেবামূলক সংস্থা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিহতদের স্মরণ করে বলেন, “এক বছর আগের সেই দিনে শিক্ষিকা মাহরীন চৌধুরী নিজের জীবনের পরোয়া না করে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন।”
তিনি বলেন, আহত শিক্ষার্থীদের ফলোআপ চিকিৎসা অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, চিকিৎসক, আহত শিক্ষক-শিক্ষার্থী এবং নিহতদের পরিবারের সদস্যরা স্মরণসভায় অংশ নেন।
এসআর