প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম।
মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশব্যাপী আরও কার্যকরভাবে সম্প্রসারণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের এর আওতায় আনার বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, সরকারের নীতিগত অগ্রাধিকার, নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা হয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান তারা।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
জেবি/ এসআর