ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নগদ-এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম
X

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ ও এনআরবি ব্যাংক পিএলসি।

সোমবার রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে এনআরবি ব্যাংকের কোনো শাখা নেই, সেখানেও গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান।

চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে প্রবাস থেকে আসা রেমিট্যান্স তাৎক্ষণিকভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের নগদ ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। ফলে দেশের যেকোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি নগদ ও এনআরবি ব্যাংক যৌথভাবে ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ আরও বিভিন্ন সেবার পরিধি সম্প্রসারণ করবে বলে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদা, শাখা ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান, রেমিট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ মাহফুজ আলীসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “ফিনটেক আগামী দিনে লেনদেনের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনবে। সময়ের দাবি পূরণে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নগদ সময়ের এই চাহিদা পূরণে এগিয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।”

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “প্রচলিত লেনদেন পদ্ধতিতে পরিবর্তন আনতে চাই আমরা। সে জন্য নগদের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, এই চুক্তির মাধ্যমে আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত হবে। দেশজুড়ে আমাদের ১০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সব গ্রাহককে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে নগদের তিন লাখের বেশি এজেন্ট পয়েন্টের মাধ্যমে এনআরবি ব্যাংকের গ্রাহকরা সেবা পেলে আমাদের সেবার পরিধি আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।”

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নগদ। এর মধ্যে প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য শুরু থেকেই বিভিন্ন সচেতনতামূলক ও পুরস্কারভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ‘হার না মানা হার’ শিরোনামে একটি ক্যাম্পেইনের মাধ্যমে নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারী প্রবাসী পরিবারের সদস্যদের জন্য স্বর্ণের হার জয়ের সুযোগও দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালু করে ক্যাশলেস লেনদেনের সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করেছে নগদ। বর্তমানে দেশের ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাচ্ছে।


-টিএস/বিজ্ঞপ্তি


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝