দেশের সম্ভাবনাময় চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতের উদ্যোক্তাদের সহজ অর্থায়ন নিশ্চিত করতে একজোট হয়েছে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে (প্রি-ফিন্যান্সিং স্কিম) অংশগ্রহণের লক্ষ্যে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে জানানো হয়, এ চুক্তির ফলে দেশের চামড়া খাতের উদ্যোক্তারা সহজ শর্তে প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা পাবেন। যা চামড়াজাত পণ্যের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এক্সপোর্ট ইনভেস্টমেন্ট বিভাগের এসএভিপি সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ