সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের পর ইতিহাস পরিবহনের হেলপার কাওছার হোসেন সানজিদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার এক সপ্তাহ পর সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পিপিএম জানান, ঘটনার পর হেলপার কাওছার হোসেন সানজিদ গাজীপুরের বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় আত্মগোপন করেন। সেখানে তিনি একটি কুরিয়ার সার্ভিসের গাড়িচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এর আগে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ করা হয়। এ ঘটনায় বাসচালক আজিজুল শিকদার ওরফে রাজুকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী পোশাকশ্রমিক।
বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য যাত্রীরা নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রীকে বাসে উঠতে দেননি বলে অভিযোগ রয়েছে। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন।
অভিযোগ রয়েছে, চালক বাস না থামিয়ে আরও দ্রুতগতিতে চালাতে থাকেন। এ সময় হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
একপর্যায়ে ওই নারী চলন্ত বাস থেকে লাফ দিয়ে আত্মরক্ষা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে হেলপার সানজিদকে গ্রেপ্তার করেছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
-টিএস