ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হামহামে আটকা পড়া ১০ পর্যটককে উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবকরাও সহযোগিতা করেন।

সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতের দুর্গম পাহাড়ি পথে চলার সময় দলের এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে বিষয়টি জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকি নয়জন পর্যটক সুস্থ রয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্ষা মৌসুমে হামহাম জলপ্রপাতের পথে পাথর ও পাহাড়ি ছড়া পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই পর্যটকদের পর্যাপ্ত সতর্কতা অবলম্বন, দলবদ্ধভাবে চলাচল এবং জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, "৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত পর্যটকের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।"

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম বলেন, "যৌথ অভিযানে ১০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত ছিলেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সবাই নিজ নিজ গন্তব্যে রওনা দেন।"

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফয়েজ আহমদ বলেন, "হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত দুর্গম ও পিচ্ছিল। তাই পর্যটকদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে স্থানীয় গাইডের সহায়তা নিয়ে ভ্রমণ করা উচিত।"

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝