ফেনীর সোনাগাজী উপজেলায় আকস্মিক টর্নেডোর তাণ্ডবে অন্তত ৩৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ৪০ সেকেন্ডের এই প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, বিকট শব্দের সঙ্গে এক মিনিটেরও কম সময় স্থায়ী টর্নেডোটি পুরো এলাকা লন্ডভন্ড করে দেয়। এতে চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, শতাধিক গাছ উপড়ে যায় এবং প্রায় ২০টি ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৩৫টি পরিবারের বিদ্যুৎ সংযোগের মিটারও বিচ্ছিন্ন হয়ে যায়।
হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
গ্রামের প্রবীণ বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, “আমার ৭০ বছরের জীবনে এমন টর্নেডো দেখিনি। মুহূর্তের মধ্যে যেন কেয়ামত নেমে এসেছিল।”
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, টর্নেডোর খবর পাওয়ার পরও জেলা প্রশাসনের একটি সভায় থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
এমএটিবি/এসআর