চলমান দুর্যোগ, টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন তারা। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে জড়ো হলে পুলিশ শিক্ষার্থীদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করা; পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত হিসেবে গণ্য করা; প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান; চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য সময় দিয়ে পুনরায় পরীক্ষা আয়োজন; পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি নম্বর মূল্যায়নে বিবেচনা করা; এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।
এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের বর্তমান দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রতিনিধি দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন।