কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুপুত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। একই ঘটনায় অপর এক সন্তান গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক বি-৬ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই শিবিরের বাসিন্দা আতাসমুল হকের স্ত্রী শহীদ নুর (৩৩) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মো. শামীম হক। গুরুতর আহত হয়েছে তাদের অপর ছেলে মো. আবছার (৯)। আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী আতাসমুল হক পলাতক রয়েছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘রাত আনুমানিক দেড়টার দিকে ক্যাম্প-৬ থেকে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার খবর পাই। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত আতাসমুল হককে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত উদঘাটন করতে তদন্ত চলছে।’
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এসএ