ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুক্তির আগেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন ২’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৫২ পিএম
X

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুইন ২’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। সিনেমাটির বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্যান্টম স্টুডিওস’। মুক্তি আটকে দিতে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ‘ফ্যান্টম স্টুডিওস’ মুম্বাই হাইকোর্টে ‘জিওস্টার’-এর বিরুদ্ধে ২৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই বেআইনিভাবে ‘কুইন’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করা হচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। শুটিং শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্যান্টম স্টুডিওস।

প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মামলা করার আগে একাধিকবার জিওস্টার ও পরিচালক বিকাশ বহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। ফ্যান্টম স্টুডিওস তাদের আপত্তির বিষয়টি জানায় এবং এ বিষয়ে আইনি নোটিশও পাঠানো হয়। তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফ্যান্টম স্টুডিওসের দাবি, ‘কুইন’ সিনেমার ৫০ শতাংশ মেধাস্বত্বের মালিকানা এখনো তাদের কাছে রয়েছে। তাই সিনেমাটির সিক্যুয়েল বা নতুন কোনো অভিযোজন নির্মাণের ক্ষেত্রে তাদের অনুমতি ও অংশগ্রহণ প্রয়োজন। চলতি বছরের এপ্রিলে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ‘কুইন’-এর ওপর ভিত্তি করে কোনো সিক্যুয়েল বা নতুন সংস্করণ নির্মাণের অনুমতি তারা কাউকে দেয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। সিনেমাটি সে বছর দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কঙ্গনা রানাউত।

সিনেমাটির যৌথ প্রযোজনায় ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ ও ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা ও বিকাশ বহল মিলে গড়ে তুলেছিলেন ফ্যান্টম ফিল্মস। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেলেও ২০২১ সালে ‘ফ্যান্টম স্টুডিওস’ নামে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝