সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ও অবয়ব ধারণ করে নতুন করে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। ব্যক্তিগত ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অধ্যায় তুলে ধরার পাশাপাশি তার পরিচিত সাজে হাজির হয়েছেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। পর্বটির শিরোনাম দেওয়া হয়েছে ‘খালেদা জিয়া’।
ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। একই সঙ্গে খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন তিনি।
ভিডিওতে রাজধানীর জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থান ও স্টুডিওতে ধারণ করা দৃশ্য দেখা যায়। এতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা গেছে চমককে। পোশাক, সাজসজ্জা ও উপস্থাপনার ধরনেও খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির ছাপ রাখার চেষ্টা করেছেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই চমকের সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, খালেদা জিয়ার সঙ্গে চমকের চেহারার বেশ মিল দেখা যাচ্ছে। আবার কেউ লিখেছেন, এর আগে কাউকে এতটা কাছাকাছিভাবে খালেদা জিয়ার অবয়ব উপস্থাপন করতে দেখা যায়নি।
এর আগে চলতি বছর সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হওয়ার পর বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। কয়েক বছর বিরতির পর ২০২০ সালে ছোটপর্দায় নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে নিয়মিত ভ্লগিংও করছেন এই অভিনেত্রী।
-টিএস