রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি। এ সময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনা এবং বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য জানান।
প্রধান বিচারপতি এ সময় বিচারাঙ্গনে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, প্রতিদিন যে পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে, তার চেয়েও বেশি মামলা দায়ের হচ্ছে। ফলে মামলার জট নিরসন প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
রাষ্ট্রপতি এ সময় মামলার জট নিরসনে সালিশি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।