বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘পার্টি রক অ্যান্থেম’ গানের কণ্ঠশিল্পী ব্রিটিশ গায়িকা লরেন বেনেট মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৭ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে সংগীতপ্রেমী ও আন্তর্জাতিক পপ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
সোমবার লরেনের সাবেক গার্ল গ্রুপ ‘জি.আর.এল.’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে পরিবার কিংবা ব্যান্ডের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
২০১১ সালে এলএমএফএও-এর বিশ্বখ্যাত গান ‘পার্টি রক অ্যান্থেম’-এ কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান লরেন বেনেট। গানটি টানা ছয় সপ্তাহ বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষে ছিল এবং পরবর্তীতে বিলবোর্ডের ইতিহাসে অন্যতম সফল গানের স্বীকৃতি পায়। ইউটিউবে গানটির মিউজিক ভিডিওর ভিউ বর্তমানে ২.৫ বিলিয়নেরও বেশি, যেখানে লরেনের পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
২০১৪ সালে তিনি গার্ল ব্যান্ড ‘জি.আর.এল.’-এ যোগ দেন। দলটির জনপ্রিয় গান ‘আগলি হার্ট’ তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই বছর মার্কিন র্যাপার পিটবুলের ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’ গানেও ব্যান্ডটির সঙ্গে কণ্ঠ দেন তিনি। তবে ব্যান্ড সদস্য সিমোন ব্যাটেলের মৃত্যুর পর দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং পরে ব্যান্ডটি ভেঙে যায়।
সংগীতজীবনের পাশাপাশি ‘ডেট নাইট’ ও ‘২১ জাম্প স্ট্রিট’সহ কয়েকটি হলিউড চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকেও কণ্ঠ দিয়েছেন লরেন বেনেট। তাঁকে স্মরণ করে ‘জি.আর.এল.’ এক বিবৃতিতে বলেছে, ‘লরেনের ভালোবাসা, হাসি আর অসংখ্য স্মৃতি আমরা আজীবন হৃদয়ে ধারণ করে রাখব। তাঁর সুন্দর আত্মা অসংখ্য মানুষের জীবন স্পর্শ করেছে। তিনি চিরকাল ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তরা প্রিয় এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।
সূত্র: বিবিসি