ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অননুমোদিত হজ এজেন্সি, গ্রুপ বা কাফেলার আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (২৬ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অননুমোদিত হজ এজেন্সি, গ্রুপ বা কাফেলার লোভনীয় প্যাকেজে আকৃষ্ট হয়ে অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, প্রতি বছর হজ মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান কম খরচে বা বিশেষ সুবিধার প্রলোভন দেখিয়ে হজযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে। পরে অনেক ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা না দেওয়া, ভিসা জটিলতা তৈরি করা কিংবা অর্থ আত্মসাতের মতো অভিযোগ পাওয়া যায়।
ধর্ম মন্ত্রণালয়ের মতে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই সরকারি অনুমোদন নেই। ফলে তাদের মাধ্যমে নিবন্ধন বা অর্থ পরিশোধ করলে হজযাত্রীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
এ কারণে হজে যেতে আগ্রহীদের শুধুমাত্র সরকার অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও অর্থ পরিশোধ করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো হজ প্যাকেজের সত্যতা যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
-টিএস