ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২৪ পিএম
X

নওগাঁর মান্দায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের প্রতিবাদে দুপুর ১২টার দিকে ফেরিঘাট এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সমিতির সদস্যরা। প্রায় ৪৫ মিনিট ধরে চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অটোরিকশা চালক ও মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো ও মহাসড়কে চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। এ নিয়ম বাস্তবায়নে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসমালিক গ্রুপের পক্ষে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করেন। মহাসড়কে অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে বিভিন্ন সময় বাসশ্রমিক ও অটোরিকশা মালিক সমিতির সদস্যদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

মান্দা উপজেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকলেও বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সড়কে যাত্রী তোলাকে কেন্দ্র করে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা তাকে মারধর করেন। এর প্রতিবাদে সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সংগঠনের সভাপতি আল মামুন বলেন, মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা প্রায়ই অটোরিকশা চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্থানীয় সড়কে যাত্রী তুললেও তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন। সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহ-সভাপতি রুকনুজ্জামান বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এ নিয়ম অমান্য করে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু নয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের অবরোধ তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকেএইচ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝