সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনও কাজের ব্যস্ততা, কখনও ঘোরাঘুরি, আবার কখনও নিজের সাজপোশাকের ছবি- অপুর নতুন ফেসবুক পোস্ট ঘিরে বরাবরই অনুরাগীদের আগ্রহ থাকে।
এবার রাতের নীরবতায় লাল পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেন অপু। ছবিগুলোতে লাল পোলকা ডট পোশাকে দেখা গেছে তাকে। রাতের আবহে হাস্যোজ্জ্বল মুখে একাধিক ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
পোশাকের নান্দনিকতার পাশাপাশি অপুর প্রাণবন্ত উপস্থিতিও নজর কেড়েছে অনুরাগীদের।
তবে শুধু ছবি প্রকাশ করেই থামেননি অপু। ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন ছোট্ট একটি বার্তাও। ক্যাপশনে তিনি লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’
নিজের এই নৈশবার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শান্তিময় রাত এবং সুন্দর স্বপ্নের শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী।
অপুর পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুরাগীদের অনেকে ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন। মন্তব্যের ঘরে যেমন ছিল ইতিবাচক প্রতিক্রিয়া, তেমনই দেখা গেছে নানা রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও।
সব মিলিয়ে অপুর রাতের এই ছবিগুলো ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।
এদিকে কাজের ব্যস্ততার মধ্যেই রয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে বেশ কিছুদিন নেপালে ছিলেন তিনি। শুটিংয়ের ফাঁকে নেপালের বিভিন্ন স্থানেও ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী। সেই ব্যস্ততার মাঝেই এবার রাতের অবসরে নিজের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অপু।
-টিএস