নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উচ্ছেদকারী টিমের সঙ্গে হকারদের ফের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জাকির সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
উচ্ছেদ টিমের প্রধান সম্রাট হাসান সুজন জানান, সোমবার বিকেলে বিবি রোডে হকার উচ্ছেদ অভিযান চালানো হলেও সন্ধ্যার পর আবারও ফুটপাত দখল করে হকাররা। এ অভিযোগে সিটি করপোরেশনের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে সন্ধ্যায় জাকির সুপার মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের উচ্ছেদ টিমের ধস্তাধস্তি হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ সিটি করপোরেশনের উচ্ছেদ টিমকে ঘটনাস্থল ত্যাগ করতে বলে।
এর আগে গত কয়েক মাসে নাসিকের উচ্ছেদকারী টিমের ওপর একাধিকবার হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পরও শহরের ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হয়নি।
জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল শহরের সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ওই অভিযানে জেলা প্রশাসন, পুলিশসহ রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তবে কয়েক দিনের মধ্যেই আবারও ফুটপাত দখলে নেয় হকাররা।
গত ৪ মে নাসিকের হকার উচ্ছেদ অভিযানের সময় কর্মচারীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় দুই কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন বলে নাসিকের উচ্ছেদ কর্মীরা দাবি করেন। পরে ৫ মে নাসিক কর্মীদের ওপর হামলার ঘটনায় ১০ জন হকারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা করে নগর কর্তৃপক্ষ। নাসিকের আইন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
এরপর ৮ জুন আবারও শহরে নাসিকের উচ্ছেদকারী টিমের সঙ্গে হকারদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার দলের সভাপতি মিজানুর রহমান রনি অভিযোগ করে বলেন, গত চার মাস ধরে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এতে হকাররা দিশেহারা হয়ে পড়েছেন এবং তাদের বাড়িতে খাবার নেই।
তিনি বলেন, পুনর্বাসনের নামে যাদের কাছ থেকে সিটি করপোরেশন ভোটার আইডি কার্ড নিয়েছে, তারা বহিরাগত। সিটি করপোরেশনের উচিত ছিল হকারদের ডেকে তালিকা করা। রেলওয়ের অনুমতিপত্র নিয়ে তাদের নতুন স্থানে বসানোর ব্যবস্থা করা হলে তারা সেখানে যেতে রাজি।
মিজানুর রহমান রনি আরও বলেন, হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে তারা পুনর্বাসনে যাবেন না। প্রধানমন্ত্রীও হকারদের পুনর্বাসন করে উচ্ছেদ অভিযান চালানোর কথা বলেছেন বলে তিনি দাবি করেন।
এস এস/আর এন