দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৯৩ জন।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২।
এদের মধ্যে মোট ৮০ হাজার ৪৯৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে।
-টিএস