গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছে ৭ জন। একই সময়ে নতুন করে ৯৪৫ জন আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যু ৯৩টি। বাকি ৬০৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৬ হাজার ৬৫৩ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১৫৫ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব।