ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:১৪ পিএম
X
Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানটিতে থাকা পাইলটসহ মোট ৮ জন আরোহী নিহত হন।

গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের এক বিবৃতিতে বলা হয়, “রুটিন পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান এডওয়ার্ডস বিমানঘাঁটির রানওয়ে থেকে সকাল ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলটসহ মোট ৮ জন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমানঘাঁটিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের যেসব উড়োজাহাজ তখন আকাশে ছিল, সেগুলোকে অন্যান্য ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘাঁটির যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানকার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

উল্লেখ্য, বি-৫২ বিশ্বের অন্যতম দীর্ঘপাল্লার ও শক্তিশালী কৌশলগত বোমারু বিমান। এটি যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং নির্মাণ করেছে এবং ১৯৫৫ সালে মার্কিন বিমানবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশাল আকারের এই বিমানের দৈর্ঘ্য প্রায় ১৫৯ ফুট এবং ডানার বিস্তার প্রায় ১৮৫ ফুট। দীর্ঘপাল্লার অভিযানে সক্ষম এই বিমান বিপুল পরিমাণ বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি এটি পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপের সক্ষমতাও রাখে।

সূত্র: এএফপি/এনডিটিভি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement