২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসব রোগে আক্রান্তদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। নতুন অর্থবছরে তা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।
বাজেটে ২০২৬–২৭ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। গত ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।