ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৩০ পিএম
X

বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সৌদি আরবের রিয়াদে অবস্থিত পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের চলতি বছরের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন সৌদি মন্ত্রী। তিনি হজ ব্যবস্থাপনায় দক্ষতা, সুশৃঙ্খলতা এবং সেবার মানোন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

ড. আল-রাবিয়াহ ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় সফল প্রস্তুতি ও কার্যক্রমের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকারও প্রশংসা করেন এবং ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের মাধ্যমে হজযাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়েও তিনি আলোচনা করেন।

এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সামগ্রিক হজ ব্যবস্থাপনার উল্লেখযোগ্য উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়ের এলাকায় সেবার মান বৃদ্ধির মাধ্যমে হজ পালনের অনুকূল পরিবেশ তৈরির জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং হজ ও উমরাহ মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ ভবিষ্যতেও সৌদি সরকারের পাশে থাকবে।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমকেএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝