বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেন। এর আগে রোববার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পরাগ জৈন।
বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই তিনি ঢাকায় এসেছিলেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। তবে তার এই সফর নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সরকারি পর্যায়েও সফরের আলোচ্যসূচি কিংবা বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সূত্র জানায়, পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।
চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে ছিলেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি চীন থেকে ঢাকায় আসে।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলের সদস্যরা একটি অভিজাত হোটেলে অবস্থান করেন।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই ‘র’ প্রধানের এই সফর অনুষ্ঠিত হলো। ফলে সফরটিকে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক যোগাযোগ জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (আরএডব্লিউ বা ‘র’)-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
টিএস