রাজধানীর ধানমন্ডিতে প্রবল বৃষ্টির মধ্যে একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে তিনটি প্রাইভেটকারের ওপর। এতে গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠসংলগ্ন চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ ফুটপাতের ওপর থাকা বিশাল আকৃতির গাছটি উপড়ে সড়কে পড়ে যায়। এ সময় সড়ক দিয়ে চলাচলকারী তিনটি প্রাইভেটকার গাছটির নিচে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব বলেন, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে গাড়িগুলোর ওপর পড়ে। এতে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
আরএন